বিশ্বকাপের আগেই ২০২৬ সাল পর্যন্ত স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

দুই মাস বাকি থাকলেও ভেন্যু বা সূচি চূড়ান্ত হয়নি এই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে স্থগিতই করা হলো ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, প্রতিযোগিতাটি ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাফের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আসরটি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু পরবর্তীতে সাফের সদস্য দেশগুলোর পাশাপাশি মার্কেটিং পার্টনার স্পোর্টফাইভ সম্মিলিতভাবে মত দেয় যে টুর্নামেন্ট নির্বিঘ্নভাবে আয়োজন করতে আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করার। এতে করে সদস্য দেশগুলো ও অংশীজনেরা যথাযথভাবে প্রস্তুতি নিতে পারবে এবং প্রতিযোগিতাটি আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা যাবে।

২০২৬ সাল ফিফা বিশ্বকাপের বছর হওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সময় ও ভেন্যু নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ফেডারেশনটি।

চলতি বছরের শুরুতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয় সাফ। স্পোর্টফাইভও সে প্রস্তাবে সম্মতি দিয়েছিল। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ফলে বিগত সময়ের মতো একক ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে স্বাগতিক দেশ হিসেবে শ্রীলঙ্কাকে বিবেচনা করা হলেও, স্পোর্টফাইভের পছন্দ ছিল ভারত ও বাংলাদেশ। তবে নানা কারণে পিছিয়ে পড়ে এই দুই দেশও। ফলে অনিশ্চয়তায় পড়ে যায় পুরো টুর্নামেন্ট। শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত করার পথেই হেঁটেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

All Categories