বিশ্ববাজারে তেলের দাম কমছে, সংঘাতের শঙ্কা অব্যাহত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ সত্ত্বেও শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা তেলের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ এবং জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ের সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করছেন।

এই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্ট হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জরুরি মজুত থেকে ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল ছাড়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এ দরপতন দেখা যায়।

এদিকে, জ্বালানি পরিবহনের রেকর্ড উচ্চ ব্যয় কমাতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ থেকে তেল পরিবহন করেছে এমন কিছু জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। রয়টার্সের এক প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

তবে হরমুজ প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলা এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথিদের সংঘাত বৃদ্ধি আঞ্চলিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এসব পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

All Categories