Apr 15, 2025
বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত বাংলাদেশ, সেমিফাইনালে জায়গা নিশ্চিত

বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত বাংলাদেশ, সেমিফাইনালে জায়গা নিশ্চিত

দুবাইয়ে অনুষ্ঠিতব্য ব্রিজের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় দল। তিন ম্যাচ হাতে রেখেই শেষ চারে জায়গা করে নেওয়া দলটি এখন ফাইনালের দিকে তাকিয়ে। আগামীকাল (১৬ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ জর্ডান, যাদের বিপক্ষে গ্রুপ পর্বে বড় ব্যবধানে জয় পেয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা।

ব্রিজ ফেডারেশনস অফ মিডল ইস্ট অ্যান্ড এশিয়া  জোন ৪-এর অধীন এই বাছাইপর্ব শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে, ১১ এপ্রিল থেকে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, সিরিয়া, কুয়েত ও শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের শীর্ষ দুটি দল ২০২৫ সালের আগস্টে ডেনমার্কে অনুষ্ঠেয় বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ দলের অধিনায়ক সাজিদ ইস্পাহানি জানান, আমরা এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছি। দল হিসেবে সবাই আত্মবিশ্বাসী। আমরা ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী। দেশবাসীর দোয়া চাই। 

দলের সদস্যরা হলেন:সাজিদ ইস্পাহানি (পরিচালক, ইস্পাহানি গ্রুপ) অধিনায়ক ,মো. জাহিদ হোসেন (ডিজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক) ,শাহ জিয়াউল হক (অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক) ,এ এইচ এম কামরুজ্জামান (ডিজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক) মো. মশিউর রহমান (এফএভিপি, এক্সিম ব্যাংক) ,মো. আসিফুর রহমান চৌধুরী (ডিজিএম, ইস্পাহানি গ্রুপ)

দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে আছেন রাশেদুল আহসান (এসপিও, কর্মসংস্থান ব্যাংক) এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মনিরুল ইসলাম (যুগ্ম সচিব, কেবিনেট ডিভিশন)।

টুর্নামেন্ট চলাকালীন সাইডলাইনে আয়োজিত ফ্রেন্ডশিপ টুর্নামেন্টেও সফলতা পেয়েছে বাংলাদেশ। ৪০টিরও বেশি পেয়ার অংশ নেওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের এইচ এম কামরুজ্জামান ও আসিফুর  রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত পেয়ারটি চ্যাম্পিয়ন হয়।

এর আগেও বাংলাদেশ দুটি বিশ্বকাপে অংশ নিয়েছে। ২০১৭ সালে ভারতের  কাছে হেরে রানার আপ হয়ে এবং ২০১৯ সালে ভারতের সাথে জিতে চ্যাম্পিয়ন হয়ে  বিশ্বকাপ খেলেছে। । এবারের বাছাইপর্বেও সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল ।

 

All Categories