Mar 15, 2025
বিপিএলের পুরো পাওনা এখনও পাননি শরিফুল ইমনরা

বিপিএলের পুরো পাওনা এখনও পাননি শরিফুল ইমনরা

বিপিএল ২০২৫ এর পর্দা অনেক আগেই নামলেও চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের মধ্যে অনেকেই এখনও তাদের প্রাপ্য পারিশ্রমিক পুরোপুরি পাননি। জানুয়ারির শুরুতেই বিপিএল শেষ হওয়ার পরেও দেশি ক্রিকেটারদের মধ্যে ওপেনার পারভেজ হোসেন ইমন পেসার শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি—এই তিনজনসহ বেশিরভাগ খেলোয়াড় তাদের পারিশ্রমিকের অর্ধেক অংশও পায়নি।

২০২৫ বিপিএলের সময়ে খেলোয়াড়দের পারিশ্রমিক ছিল অন্যতম আলোচিত বিষয়। ফাইনাল শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এই সমস্যা এখনও সমাধান হয়নি। মিরপুরের হোম অব ক্রিকেটে ডিপিএলের অনুশীলনের ফাঁকে পারভেজ হোসেন ইমন সাংবাদিকদের জানান আমি ৫০ শতাংশ টাকা পেয়েছি কিন্তু বাকি টাকা এখনও পাইনি। তারা বলছে দিবে কিন্তু এখনও দেয়নি। আমি শরিফুল, শামীম ভাইসহ সব দেশি খেলোয়াড়ই বিপিএলের পর কোনো টাকা পাইনি যা পেয়েছি তা বিপিএল চলাকালে পেয়েছি।

পারিশ্রমিক নিয়ে উদ্বেগ খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব ফেলছে এমন মন্তব্য করেন ইমন। বাঁহাতি এই ব্যাটার বলেন আমরা সবসময় চাই পারফরম্যান্সে মনোযোগ দিতে কিন্তু যখন টাকা নিয়ে চিন্তা করতে হয় তখন আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটে।

বিপিএল চলাকালে পারিশ্রমিক নিয়ে বিরোধের কারণে ইমন নাকি দলের ক্যাম্পে যোগ না দিয়ে প্রতিবাদ করেছিলেন এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে পরে দুই পক্ষই এ অভিযোগ অস্বীকার করে। তবে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী একবার সরাসরি বলেন আমি যদি সন্তুষ্ট না হই তাহলে কেন টাকা দেওয়া হবে?

শুধু দেশি ক্রিকেটারদের মধ্যেই নয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত বিদেশি হোস্ট ইয়েশা সাগর এবং শুভেচ্ছাদূত হিসেবে আসা শহীদ আফ্রিদি সহ অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও তাদের পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন।

এই পরিস্থিতি নিয়ে খেলোয়াড়রা আশা করছেন খুব শিগগিরই তাদের প্রাপ্য পারিশ্রমিক প্রদান করা হবে যাতে তারা আবারও তাদের মনোযোগ পুরোপুরি খেলাধুলায় দিতে পারেন।

All Categories