বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

দুপুর দুইটার কিছু পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত চারজনকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খান জানান, বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জেনেছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

All Categories