বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১৭১ জন।  
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে।

এর আগে,  সকাল আটটার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান  নিহতের সংখ্যা ২৭ জনে পৌঁছানোর কথা জানান।  বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৪ জন। সকাল পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এসময় তিনি দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চেয়ে নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে বলে জানান।
আইএসপিআর জানিয়েছে, গতকাল বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়।  পরে বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিমান বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায় স্কুল ভবনে। এদিকে, এ ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
 

All Categories