বিদেশি খেলোয়াড়ের বকেয়া পরিশোধ না করায় আরামবাগকে ফিফার নিষেধাজ্ঞা
দেশের ঘরোয়া ফুটবলে ফিফার নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হলো। ঢাকা আবাহনীর পর এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞায় পড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। মঙ্গলবার ক্লাবটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানিয়েছেন, গত মৌসুমে এক বিদেশি ফুটবলারের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া ছিল। তা সময়মতো পরিশোধ না করায় এই শাস্তি এসেছে। চলতি মাসের মধ্যেই পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
নিয়ম অনুযায়ী, বকেয়া পরিশোধ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ক্লাবটি নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না।
গত মৌসুমে দীর্ঘ সময় ফিফার নিষেধাজ্ঞায় ছিল ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। ওই জটিলতায় চলতি মৌসুমের ক্লাব লাইসেন্সিং ও খেলোয়াড় নিবন্ধনের সূচি কয়েক দফা পেছাতে হয়েছিল বাফুফেকে। নতুন মৌসুম শুরুর পরপরই আবারও নিষেধাজ্ঞায় পড়ে আবাহনী।
ফিফার রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের ক্লাবগুলোর বিরুদ্ধে মোট আটটি ফাইল রয়েছে। এর মধ্যে সক্রিয় ক্লাব আবাহনী ও আরামবাগের একটি করে, নিষ্ক্রিয় আজমপুর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তিনটি করে এবং সকার ক্লাব ফেনীর একটি ফাইল রয়েছে।
বিদেশি খেলোয়াড়দের পাওনা সময়মতো না মেটানোয় বারবার এমন শাস্তির মুখে পড়ছে দেশের ক্লাবগুলো, যা ঘরোয়া ফুটবলের জন্য উদ্বেগ বাড়াচ্ছে।