বেহরেনডর্ফের বদলি হয়ে মেলবোর্ন রেনেগেডসে মোস্তাফিজ, প্রথমবার খেলবেন বিগ ব্যাশে

ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

কাঁধের চোটে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ। তার বদলি হিসেবেই মোস্তাফিজকে নিয়েছে রেনেগেডস। ফ্র্যাঞ্চাইজিটির আশা, বাংলাদেশি এই পেসারের অন্তর্ভুক্তিতে দলের বোলিং আক্রমণ আরও ধারালো হবে।

৩১ বছর বয়সী মোস্তাফিজ আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এখন পর্যন্ত ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪২৩ উইকেট নিয়েছেন। বিশ্বের নানা লিগে খেললেও এবারই প্রথম বিগ ব্যাশে দেখা যাবে তাকে।

তবে আইএলটি-টোয়েন্টিতে ব্যস্ততার কারণে পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলবে দলটি।

নতুন দলে যোগ দেওয়া নিয়ে মোস্তাফিজ বলেন, প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছেন তিনি। এমসিজিকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা তার কাছে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে মুখিয়ে আছেন বলেও জানান তিনি।

রেনেগেডসের নতুন কোচ লুক রনকি বলেন, বিশ্বজুড়ে টি-টোয়েন্টিতে মোস্তাফিজ নিজেকে ম্যাচজয়ী বোলার হিসেবে প্রমাণ করেছেন। পাওয়ারপ্লে ও শেষ ওভারে উইকেট তোলার দক্ষতা আছে তার, আর দলের বোলিং আক্রমণে এমন একজনেরই দরকার ছিল। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের পাশাপাশি মোস্তাফিজের অন্তর্ভুক্তিকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

All Categories