বার্নাব্যুতে বাজিমাত ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আর্সেনাল
১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের দুই লেগে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে মিকেল আর্তেতার দল।
বুধবার (১৬ এপ্রিল) নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারায় গানাররা। এর আগে লন্ডনে প্রথম লেগে ৩-০ গোলের বড় জয় পেয়েছিল ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্সেনাল।
দ্বিতীয় লেগের শুরু থেকেই রিয়ালের ওপর চাপ তৈরি করে অতিথিরা। ম্যাচের ২১তম মিনিটে আর্সেনাল পায় গোলের সুবর্ণ সুযোগ। কর্নার থেকে বল আসার পর রাউল আসেনসিওর অপ্রয়োজনীয় ফাউলে পেনাল্টি পায় গানাররা। ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে স্পটকিকে পানেনকা শট নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন বুকায়ো সাকা। থিবো কোর্তোয়া দারুণভাবে বল ঠেকিয়ে দেন।
প্রথমার্ধে রিয়াল একটিও শট নিতে পারেনি আর্সেনালের গোলমুখে। একসময় স্বাগতিক গ্যালারিতে সাড়া ফেলেছিল প্রত্যাবর্তনের আশাবাদ, তবে আক্রমণে তেমন ধার ছিল না রিয়ালের। বরং প্রথমার্ধে আরও একবার পেনাল্টির দাবিতে মাঠ গরম করে স্বাগতিকরা। রাইসের হালকা টাচে এমবাপ্পে পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভিএআরে সিদ্ধান্ত পর্যালোচনা করে সেটি বাতিল করা হয়।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় আর্সেনাল। ৬৫ মিনিটে বুকায়ো সাকা পেনাল্টি মিসের হতাশা পুষিয়ে দেন গোল করে। এক মিনিট পর ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র। তবে সমতায় ফেরার মতো আক্রমণ গড়তে ব্যর্থ হয় রিয়াল।
যোগ করা সময়ে মার্টিনেল্লি রিয়ালের জালে বল পাঠিয়ে ব্যবধান ২-১ করেন। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় আর্সেনালের টানা ১৬ বছর পর সেমিফাইনালে ফেরা।