বার্ন ইনস্টিটিউট থেকে ছুটি পেল মাইলস্টোনের দুই শিক্ষার্থী
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাফসি ও আয়ান আজ বাড়ি ফিরছে। ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হওয়া ৩৮ শিক্ষার্থীর মধ্যে এরা প্রথম যারা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছে।
রাফসি ও আয়ান—দুজনেরই বয়স ১২ বছর। যদিও তারা কোন শ্রেণিতে পড়ে, সে তথ্য চিকিৎসকদের জানা নেই। তবে দুজনেরই শারীরিক জখম তুলনামূলকভাবে কম হওয়ায় এবং জটিলতা না থাকায় তাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের চিকিৎসক অধ্যাপক ফোয়ারা তাসমীম।
তিনি জানান, “শিশু দুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে। তারা নিজেরাও অনেক দিন ধরে বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব। দেশি-বিদেশি চিকিৎসকদের সম্মতিতেই তাদের ছুটি দেওয়া হচ্ছে।”
আজ দুপুর ১টার দিকে ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী দুজনকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। তবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ঘরোয়া পরিবেশে তাদের বিদায় জানানো হবে।
এদিকে, আজ সকালে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে—একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী। এতে করে কেবল জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। আর পুরো ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।