বাপ্পা মজুমদারের বাসায় আগুন, স্ত্রী–সন্তানসহ অল্পের জন্য রক্ষা

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, স্ত্রী–সন্তানসহ অল্পের জন্য রক্ষা

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের নিচতলায় আগুন লাগে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাপ্পা ও তাঁর পরিবার।

বাপ্পা মজুমদার বলেন, ইন্টারকমে কল পেয়ে যখন বাসা থেকে বের হওয়ার চেষ্টা করি, চারপাশে ধোঁয়ায় কিছুই দেখতে পাচ্ছিলাম না। মুখে আগুনের আঁচও লেগেছিল। তখন স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাকে নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকি। কী করব, কিছুই বুঝতে পারছিলাম না।

এমন আতঙ্কজনক পরিস্থিতিতে পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সহায়তায় পরিবারের সবাইকে নিরাপদে বের করে আনেন তিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি ফেসবুক পোস্টে বাপ্পা লেখেন, আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। ভোরবেলা রাস্তায় ভিড় কম থাকায় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পেরেছে। এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারিনি, এই ট্রমা কাটাতে কিছুটা সময় লাগবে।

All Categories