বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার সহায়তা দেবে জাপান
বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান। শুক্রবার (৩০ মে) স্থানীয় সময় সকালে টোকিওতে এ সংক্রান্ত তিনটি চুক্তি সই হয়েছে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি নিজ নিজ দেশের পক্ষে এসব চুক্তিতে সই করেন। এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব চুক্তি সই ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন।
রেলওয়ে খাতের উন্নয়ন ও সংস্কার কাজে ব্যয় করা হবে এই ঋণ সহায়তার অর্থের ৬৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার । এর মাধ্যমে জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ ডাবল-লেন রেল প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তন স্থিতিশীলতার জন্য ৪১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ও মানব উন্নয়ন বৃত্তির জন্য অনুদান ৪২ লাখ মার্কিন ডলার ব্যয় করা হবে।