বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্কারোপ করলেন ট্রাম্প
বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ( ৭ জুলাই) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিবৃতিতে তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
চলতি বছরের এপ্রিল মাসে ট্রাম্প পাল্টা বাণিজ্যনীতির অংশ হিসেবে প্রথম ধাপে বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেন, যেখানে আগের হার ছিল গড়ে ১৫ শতাংশ। সর্বশেষ ঘোষণায় কিছুটা নমনীয়তা এনে তা ৩৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
শুধু বাংলাদেশ নয়, ট্রাম্পের ঘোষণায় দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া, সার্বিয়া, কাজাখস্তান ও কম্বোডিয়ার মতো আরও ১৩টি দেশ অন্তর্ভুক্ত। এসব দেশের পণ্যের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক বসানো হচ্ছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই শুল্ক হার যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান, যদি কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান সরাসরি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে, তাহলে সেসব পণ্যের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। বরং দ্রুত অনুমোদনের ব্যবস্থা করা হবে।
চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, যদি ঘুরপথে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, সেক্ষেত্রেও একই হারে শুল্ক কার্যকর হবে।
এ অবস্থায় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আগামীকাল (বুধবার) মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে। আলোচনায় ইতিবাচক ফলের আশায় রয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন।