বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এই দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, আর এসব চ্যালেঞ্জের মোকাবিলায় জনগণের ভূমিকাই হবে মূল নির্ধারক।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত প্রতিবাদ-বিক্ষোভ, বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং উগ্র ইসলামপন্থি সন্ত্রাসবাদের আশঙ্কাজনক উত্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটিতে দাবি করা হয়, বাংলাদেশে ইসলামি চরমপন্থার উত্থান ঘটেছে, প্রতিবাদকারীরা প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করছে, এমনকি নাৎসি প্রতীকও তুলে ধরছে। মার্কিন ব্র্যান্ড কেএফসি ও কোকাকোলার বিরুদ্ধে ইহুদি-বিরোধী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া বলা হয়, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তি এই উত্তেজনায় ভূমিকা রাখছেন।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্যামি ব্রুস বলেন, “আমি আপনার উদ্বেগ বুঝতে পারছি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এর বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা নিয়মিত আলোচনা করছি।

এ সময় ব্রিটিশ এমপি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গেও কথা বলেন ব্রুস। তিনি বলেন, “এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের আদালত থেকে জারি করা হয়েছে। এটি বাংলাদেশ কর্তৃপক্ষের বিষয় এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।

মুখপাত্র আরও বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রও গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলেছি, মানুষের কাজই ঠিক করে দেয় তারা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে। বিগত দুই দশকে আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষই ঠিক করবে তারা কোন পথে হাঁটবে। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার  গণতন্ত্রের পথে, নাকি অন্য কোনো পথে।

All Categories