বাংলাদেশের অংশগ্রহণ অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড হকি বিশ্বকাপে
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ (বালক) ৫-এ-সাইড হকি বিশ্বকাপ ২০২৬-এ খেলার আমন্ত্রণ পেয়েছে। গত জুলাইয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল ওমানের মাসকাটে অনুষ্ঠিত ৫-এ-সাইড এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টটি ৫-এ-সাইড বিশ্বকাপের বাছাইপর্বও ছিল।
এশিয়া কাপ থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, যেখানে বাংলাদেশ ছিল প্রথম স্ট্যান্ডবাই দল।
সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়।
অনূর্ধ্ব-১৮ ৫-এ-সাইড বিশ্বকাপ মিশরের ইসমাইলিয়ায় অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টটি ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের যুব দলের অংশগ্রহণ দেশের হকির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। একইসঙ্গে এটি তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য একটি বড় সুযোগ বলেও মনে করছে হকি ফেডারেশন।