বাংলাদেশের জার্সিতে নামতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শমিত
কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত সোম এখন থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। ফিফার কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (সুইচ অব ন্যাশনালিটি) পেয়ে গেছেন এই ডিফেন্ডার। ফলে আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাঁর খেলার আর কোনো বাধা নেই।
সামিত সোমের ফিফা ক্লিয়ারেন্স পাওয়ার খবরে বাংলাদেশের ফুটবলভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি ঘিরেও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার সামিতকে ঘিরেও প্রত্যাশা বাড়ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিওবার্তায় সামিত বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। সবাইকে তাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকেও, যারা এই প্রক্রিয়াটি দ্রুত করতে সাহায্য করেছেন এবং একে সম্ভব করে তুলেছেন।
আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। ওই ম্যাচেই সামিত সোমের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে ঘরের মাঠে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নামবেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীও।