বাংলাদেশে নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে চীন: মির্জা ফখরুল

বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন। সম্প্রতি চীন সফর শেষে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (৩০ জুন) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের শীর্ষ নেতারা জানিয়েছেন, তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ থেকে ২৭ জুন বিএনপির নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সেই সফরের অভিজ্ঞতা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মির্জা ফখরুল।

সফরে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের প্রয়োজনের কথা জানালে চীন ইতিবাচক সাড়া দেয়। তারা যদি কোনো প্রস্তাব দেয়, বিএনপি সেটিকে ভবিষ্যতে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

রোহিঙ্গা সংকট নিয়েও চীনের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারকে রাজি করানোর বিষয়ে চীন আন্তরিকতা দেখাচ্ছে।

চীন সফরে অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গত ১৭ বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সহনীয় পর্যায়ে আনতে আমরা ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো, বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদানের সম্ভাবনার বিষয়েও চীনের সহায়তা চেয়েছি। তারা সহানুভূতির সঙ্গে বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতার আহ্বান জানিয়েছি, যেখানে জনগণ এবং জনকল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে চীনের ভূমিকাকে ‘সম্মানযোগ্য’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্যাতিত মানুষের পক্ষে চীনের অবস্থানকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং এর ব্যাপকতা ও দৃশ্যমানতা বাড়ানোর আহ্বান জানিয়েছি।

All Categories