বাংলাদেশ থেকে স্থলপথে ৯ পণ্যের আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
বাংলাদেশ থেকে ৯ ধরনের পণ্য আমদানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়েছে, এখন থেকে এসব পণ্য স্থলবন্দর দিয়ে ভারত প্রবেশ করতে পারবে না। তবে সমুদ্রপথে নভোসেবা বন্দরের মাধ্যমে আমদানি চালু থাকবে।
স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়।। এই পণ্যগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়ে আসছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এসব পণ্যের মোট রপ্তানির পরিমাণ ছিল ১৪ কোটি ৯৪ লাখ ডলার, যা প্রায় ১ হাজার ৬৪৫ কোটি টাকার সমপরিমাণ। এর মধ্যে ৯৯ শতাংশ পণ্যই গিয়েছে স্থলবন্দর হয়ে। অর্থাৎ ভারতের নতুন সিদ্ধান্ত কার্যত এসব পণ্যের রপ্তানি কার্যক্রমকে প্রায় অকার্যকর করে দিচ্ছে।
এ নিয়ে চলতি বছরের এপ্রিল থেকে তিন দফায় বাংলাদেশি পণ্যে বিধিনিষেধ আরোপ করল ভারত। গত ৯ এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে নেয় দেশটি। এরপর ১৭ মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় এবং কোমল পানীয় আমদানিতে বিধিনিষেধ জারি করে।
তবে শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের এই ৯ ধরনের পণ্য নেপাল ও ভুটানে রপ্তানির জন্য ভারতের ভেতর দিয়ে স্থলপথ ব্যবহার করা যাবে। অর্থাৎ বাংলাদেশ-নেপাল ও বাংলাদেশ-ভুটান বাণিজ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।