বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ভারতের পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তসংলগ্ন জেলা, প্রধান মহানগর এবং শিল্পাঞ্চলগুলোতে জনসংখ্যাগত পরিবর্তনের ধারা পর্যালোচনায় উচ্চপর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গঠিত এই কমিটিকে এক বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটি গঠন করে। এর পেছনে ২০২৫ সালের ১৫ আগস্ট দিল্লির লাল কেল্লায় দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওই ভাষণে তিনি দেশের কয়েকটি অঞ্চলে ‘অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বিষয়টি শুধু জনসংখ্যা বৃদ্ধির প্রশ্ন নয়; বরং এর সঙ্গে জাতীয় নিরাপত্তা, সামাজিক ভারসাম্য এবং প্রশাসনিক পরিকল্পনার বিষয়ও জড়িত।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কমিটির কার্যক্রম পর্যালোচনা করেন। মন্ত্রণালয় জানিয়েছে, কমিটি ইতিমধ্যে প্রথম বৈঠক করেছে এবং কাজের বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। আগামী মাসগুলোতে সদস্যরা বিভিন্ন সংবেদনশীল এলাকায় সরেজমিন পরিদর্শন করবেন।

সাধারণত জন্মহার, মৃত্যুহার, কর্মসংস্থান, অভ্যন্তরীণ স্থানান্তর ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে কোনো অঞ্চলের জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন আসে। তবে ভারত সরকারের নজর মূলত অবৈধ অনুপ্রবেশ, অনিয়ন্ত্রিত অভিবাসন কিংবা অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনসংখ্যাগত পরিবর্তনের দিকে।

কর্মকর্তাদের মতে, এ ধরনের পরিবর্তন সরকারি সম্পদের বণ্টন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় প্রশাসন এবং সামাজিক-সাংস্কৃতিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে।

কমিটির প্রধান নজরে থাকবে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তঘেঁষা বিভিন্ন জেলা। বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে জনসংখ্যার পরিবর্তন ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে আলোচনা রয়েছে।

পরিস্থিতি মূল্যায়নে কমিটির সদস্যরা স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি জাতীয় আদমশুমারির তথ্য, ভোটার তালিকা, অভিবাসনসংক্রান্ত নথি এবং অন্যান্য সরকারি তথ্য বিশ্লেষণ করা হবে।

সীমান্ত এলাকার পাশাপাশি দেশের বড় বড় মহানগর ও শিল্পাঞ্চলও কমিটির পর্যবেক্ষণের আওতায় থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা, গুরুগ্রাম, আহমেদাবাদ ও পুনের মতো শহরগুলোতে প্রতি বছর দেশি-বিদেশি বিপুলসংখ্যক মানুষ বসতি স্থাপন করেন।

এসব এলাকায় বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসনের প্রবণতা পর্যালোচনা করা হবে। সরকারের মতে, অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি কর্মসংস্থান, নাগরিক সেবা, অবকাঠামো ও আইনশৃঙ্খলার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

ভারত সরকার বিষয়টিকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও দেখছে। এর আগে বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ, জাল পরিচয়পত্র তৈরি, ভোটার তালিকায় অননুমোদিত ব্যক্তির নাম অন্তর্ভুক্তি এবং অবৈধ বসতি স্থাপনের মতো কার্যক্রম সম্পর্কে সরকারকে সতর্ক করেছিল।

কমিটি জনসংখ্যা বৃদ্ধির হার, সম্ভাব্য অবৈধ অভিবাসন, মহানগরগুলোর জনসংখ্যার চাপ, স্থানীয় সম্পদ ও কর্মসংস্থানের ওপর প্রভাব, সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবে। পাশাপাশি ভবিষ্যৎ নীতিনির্ধারণের জন্য সুপারিশও দেবে।

এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য ও মতামত নেওয়া হবে।

বিশেষজ্ঞদের ধারণা, কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ভারত সরকার ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার, পরিচয় যাচাই প্রক্রিয়া কঠোর করা, অবৈধ অভিবাসী শনাক্তকরণ ত্বরান্বিত করা এবং সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্থা চালুর মতো পদক্ষেপ নিতে পারে।

এ ছাড়া অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে তথ্যভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থাও গড়ে তোলা হতে পারে।

ভারতের কেন্দ্রীয় সরকারের মতে, দেশের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তার অন্যতম শক্তি। তাই কোনো অঞ্চলে বড় ধরনের জনসংখ্যাগত পরিবর্তনকে এখন শুধু পরিসংখ্যানগত বিষয় হিসেবে নয়, বরং সুশাসন, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

All Categories