বাংলাদেশ-পাকিস্তানের ভিসামুক্ত প্রবেশ চুক্তি শিগগির
সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় এবার যুক্ত হচ্ছে পাকিস্তান। এ নিয়ে বিশ্বের ৩০তম দেশের সঙ্গে এমন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাব অনুমোদন পেলে চলতি মাসেই পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির বিষয়টি আজকের বৈঠকে উঠছে। ইতিমধ্যে পাকিস্তান সরকারও তাদের মতামত সরকারিভাবে জানিয়েছে। বৈঠকে অনুমোদন মিললে খুব শিগগিরই এ নিয়ে চুক্তি হবে।
আগামী ২৪ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফরে আসছেন। সবকিছু ঠিক থাকলে তাঁর এ সফরেই ভিসা অব্যাহতি চুক্তি সই হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়া সফরের সুযোগ আছে। এর মধ্যে ২৭টি দেশে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারী উভয়েই ভিসা ছাড়াই যেতে পারেন। জাপানের সঙ্গে কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। আর মালদ্বীপে বাংলাদেশের সব নাগরিক ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।
এসব দেশে ভিসা ছাড়া সর্বনিম্ন ৩০ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যায়। তবে চীনের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ নেই।
বাংলাদেশি সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন— ভারত, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনেই, কুয়েত, ওমান, কাতার, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, তুরস্ক, কাজাখস্তান, রাশিয়া, কসোভো, সার্বিয়া, বেলারুশ, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা ও বতসোয়ানা।
কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য রয়েছে জাপান। আর বাংলাদেশের সব নাগরিক ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন মালদ্বীপে।