বাংলাদেশ-মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় স্বাক্ষর

বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি সই করেছে। মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তিগুলো স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রথম নোট বিনিময় হয় উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

দ্বিতীয় নোট বিনিময় হয় কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৃতীয় নোট বিনিময় হয় হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

প্রথম এমওইউ সই হয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো’ সেরি মোহাম্মদ খালিদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

দ্বিতীয় এমওইউ হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোতে সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবির খান।

তৃতীয় এমওইউ হয় মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) ও বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মধ্যে সহযোগিতা নিয়ে। স্বাক্ষর করেন আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক প্রফেসর ড. মোহদ ফয়জ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

চতুর্থ এমওইউ সই হয় মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস এসডিএন. বিএইচডি. (এমএসএসবি) ও বাংলাদেশ–মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে। স্বাক্ষর করেন এমএসএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফওজি ইয়াহায়া এবং বিএমসিসিআই-এর শাব্বির আহমেদ খান।

পঞ্চম এমওইউ হয় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) ও বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে। স্বাক্ষর করেন এনসিসিআইএম সভাপতি দাতো’ সেরি এন. গোবালাকৃষ্ণন এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনারের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। পরে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

All Categories