Nov 14, 2026
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থায় দীর্ঘ ২০ বছর পর নির্বাচন, সভাপতি এনসিপি নেতা

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থায় দীর্ঘ ২০ বছর পর নির্বাচন, সভাপতি এনসিপি নেতা

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন দুই দশক পর অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল নির্বাচিত হয়েছেন।

শনিবার রাত সাড়ে আটটায় বাগেরহাট জেলা স্টেডিয়ামের অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

গণনার ভিত্তিতে সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে জয়লাভ করেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও সেখ সাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে এম এস আলম নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে, সংরক্ষিত মহিলা সদস্য পদে শাহিদা আক্তার ও নার্গিস আরা এ্যানি নির্বাচিত হয়েছেন। এছাড়াও চারজন সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন, "সর্বশেষ ২০০৬ সালে এই সংস্থার নির্বাচন হয়েছে। শনিবার ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোট দেন। নির্বাচিতরা আগামী চার বছর দায়িত্ব পালন করবেন।"

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল সাংবাদিকদের জানান, "বাগেরহাট স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ ছিল, নতুন কমিটি তা পুনরায় শুরু করবে। আমাদের মূল লক্ষ্য ক্রীড়াঙ্গনকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া।"

ভোটগ্রহণ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলেছে।

All Categories