বাবা জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে রাতুল

বাবা জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে রাতুল

চিত্রনায়ক জসিমের ছেলে, ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল আর নেই। সোমবার সকালে তাকে বনানী কবরস্থানে তার বাবার কবরেই সমাহিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু।

রবিবার ব্যায়ামাগারে ‘জিম করার সময়’ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। সঙ্গে সঙ্গে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ কে রাতুল ছিলেন প্রয়াত চিত্রনায়ক ও খলনায়ক জসিমের দ্বিতীয় সন্তান। তার বড় ভাই সানী ও ছোট ভাই রাহুল। বাবার মতো চলচ্চিত্রে নয়, রাতুল নিজের পরিচয় গড়ে তোলেন সংগীত জগতে।

২০১৪ সালে নিজের ব্যান্ড ‘ওন্ড’ নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন রাতুল। প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালের ‘টু’ অ্যালবামের মাধ্যমে তরুণ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করে ব্যান্ডটি। গায়ক ও বেজিস্ট ছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ রক সাউন্ড প্রযোজক।

‘ওন্ড’-এর পাশাপাশি রাতুল কাজ করেছেন দেশের আরও অনেক ব্যান্ডের সঙ্গে। বিশেষ করে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবামের সাউন্ড প্রোডাকশনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

All Categories