আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে স্থগিত করার জন্য আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে এখনও আদালতের কোনো নির্দেশনা আসেনি।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস থাকার সময় মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে আরও তথ্য যাচাই ও অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

All Categories