আসিফ মাহমুদের পিস্তলের ম্যাগাজিন ‘ভুলে রয়ে গিয়েছিল’ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনাকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এটা একে-৪৭-এর ম্যাগাজিন নয়, এটি তাঁর পিস্তলের একটি খালি ম্যাগাজিন, যা ভুলে ব্যাগে রয়ে গিয়েছিল।’

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঘটনার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি (আসিফ মাহমুদ) যদি আগে জানতেন, তাহলে কোনো অবস্থাতেই এটা সঙ্গে নিতেন না। এটা নিছক ভুল। অনেক সময় এমন হয়, আপনি চশমা নিয়ে যেতে চান, কিন্তু ভুল করে মোবাইল নিয়ে বেরিয়ে পড়েন। এটাও তেমনই একটা বিষয়।

উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, অস্ত্রের লাইসেন্স আছে কি না, তা নিশ্চিত না হলেও এটা পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। তিনি বলেন, ‘এটা আসলে ভুলেই হয়েছে।

বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স ৩০ বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ না–হওয়ায় এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা এখনো দেখিনি, সেহেতু এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিনটি ধরা পড়েনি। ধরা পড়ে তৃতীয় দফায়। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ধরুন আমার ভাই কোনো নেতা। তিনি যখন ঢোকেন, তখন কিছুটা প্রিভিলেজ পান। এই প্রিভিলেজ যেন কারও ক্ষেত্রে না হয়, সবার জন্য যেন আইন সমান হয়, সে জন্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

All Categories