আরও বড় হলো জুলাই শহীদ ও আহত যোদ্ধার তালিকা, গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এতে ১০ জন শহীদ এবং আহত তিন ক্যাটাগরির আরও ১ হাজার ৭৫৭ জনকে গেজেটভুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এ গেজেট প্রকাশিত হয়।
গেজেট অনুযায়ী, ১০ জন শহীদ ছাড়া আহতদের মধ্যে অতি গুরুতর (ক) ক্যাটাগরিতে রয়েছেন ১০৯ জন, গুরুতর (খ) ক্যাটাগরিতে ২১০ জন এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের ‘গ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
আঞ্চলিকভাবে গেজেটভুক্ত আহতদের সংখ্যা হচ্ছে—ঢাকা বিভাগে ৪০৫ জন, খুলনায় ১৬৬ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১১৬ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৯০ জন, রাজশাহীতে ২৩৬ জন এবং সিলেট বিভাগে ৮৮ জন।
এর আগে প্রথম ধাপে শহীদসহ তিন ক্যাটাগরিতে ১২ হাজার ৮৭৭ জনের গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।
বিধিমালা অনুযায়ী, প্রত্যেক শহীদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা সঞ্চয়পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, সন্তান, পিতা-মাতা) মাঝে উত্তরাধিকার আইন অনুসারে ১০ লাখ টাকার করে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। মোট বরাদ্দ হয়েছে ৭৭ কোটি ২০ লাখ টাকা।
এ ছাড়া অবশিষ্ট ৭২টি শহীদ পরিবারের মধ্যে ওয়ারিশ ও পারিবারিক জটিলতা নিরসনের পর আগামী ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে।
শহীদ পরিবারের সদস্যরা মাসিক ২০ হাজার টাকা হারে ভাতা পাবেন বলেও গেজেটে উল্লেখ রয়েছে।
আহতদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং উপার্জনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শহীদ পরিবার ও আহতদের জন্য অনলাইনভিত্তিক ভাতা কার্যক্রম এবং তথ্য সংরক্ষণের জন্য একটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তৈরির কাজ চলছে।