Mar 26, 2025
আর্জেন্টিনার কাছে ব্রাজিলের দুর্বল আত্মসমর্পণ

আর্জেন্টিনার কাছে ব্রাজিলের দুর্বল আত্মসমর্পণ

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনিয়ার বিতর্কিত মন্তব্যের পর, আর্জেন্টিনা মাঠে এক দারুণ প্রতিক্রিয়া দেখিয়ে তাদের শক্তি প্রমাণ করলো। রাফিনিয়া আগেই বলেছিলেন, আমরা আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেব, মাঠে এবং দরকার হলে মাঠের বাইরেও।তার এই মন্তব্য ছিলো আর্জেন্টিনা ভক্তদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ, যা আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে গিয়ে চমৎকারভাবে জবাব দিলেন।

বুধবার বুয়েন্স আয়ার্সের মনুমেন্তালে অনুষ্ঠিত সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনা ৪-১ গোলের বিশাল জয় তুলে নেয়। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলতে থাকে এবং চতুর্থ মিনিটেই প্রথম গোলটি করে ব্রাজিলের বিপক্ষে। দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিয়ের্মে আরানা ও মুরিলোর মাঝে সুযোগ পেয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ। এর কিছুক্ষণ পর, ২০ মিনিটে আবারও আর্জেন্টিনা গোল করে এবং ব্রাজিলের ডিফেন্সের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।

আর্জেন্টিনার আরেকটি গোল আসে এনজো ফার্নান্দেজের পা থেকে, যা ব্রাজিলের মনোবল আরও ভেঙে দেয়। প্রথমার্ধের শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-১, যখন ব্রাজিলের একমাত্র গোলটি আসে ম্যাথিয়াস কুনহার পা থেকে। এই গোলের পর, দুই দলের ফুটবলারদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং হলুদ কার্ডের শিকারও হন খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধে, আর্জেন্টিনা তাদের ব্যবধান আরও বাড়ায়। ৭১তম মিনিটে, আর্জেন্টিনার বদলি ফুটবলার গুইলিয়ানো সিমিওনে চতুর্থ গোলটি করেন এবং ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। সিমিওনের দ্রুততার সামনে ব্রাজিলের গোলরক্ষক বেনতো ম্যাথিউস কিছুই করতে পারেননি।

এই জয়ের মাধ্যমে, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য তাদের টিকিট নিশ্চিত করেছে। তাদের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এটি ছিল দ্রুততম যোগ্যতা অর্জন। যদিও ব্রাজিল ড্র করেও বিশ্বকাপে খেলার সুযোগ পেতো, তবে বলিভিয়া ও উরুগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই আর্জেন্টিনা নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপের স্থান।

আর্জেন্টিনা প্রমাণ করলো, তাদের দল শুধুমাত্র মেসির উপর নির্ভরশীল নয়, বরং পুরো দলের সমন্বয়েই তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত।

All Categories