আর্জেন্টিনার বিপক্ষে হেরে বরখাস্তই হলেন ব্রাজিল কোচ দরিভাল
আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বড় পরাজয়ের পর থেকেই ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো শুক্রবার রাতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে তাকে বরখাস্ত করেছে।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করছে যে দরিভাল জুনিয়র আর দলের দায়িত্বে নেই। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এখন থেকে সিবিএফ নতুন কোচের সন্ধানে কাজ করবে।
২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেওয়া দরিভাল শুরুটা দারুণ করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে ১-০ গোলের জয় দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে সময়ের সঙ্গে তার দলের পারফরম্যান্স নিম্নগামী হতে থাকে।স্বল্প সময়েই শেষ দরিভালের অধ্যায়।
বিশ্বকাপ বাছাইপর্বে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর তার অবস্থান নড়বড়ে হয়ে যায়। আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তার ছাঁটাই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল।
দরিভালের অধীনে ব্রাজিল ১৬টি ম্যাচ খেলেছে, যেখানে ৭ জয়, ৭ ড্র এবং ২টি পরাজয়ের মুখ দেখেছে। বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও ৫ হারে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন চতুর্থ স্থানে রয়েছে, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে।
দরিভালের বিদায়ের পরপরই নতুন কোচ নিয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছে সিবিএফ। প্রথম থেকেই রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে দলে টানতে আগ্রহী ব্রাজিল। তবে তার সঙ্গে চুক্তি করা কতটা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সম্ভাব্য কোচদের তালিকায় রয়েছেন ফ্লামেঙ্গোর ফিলিপ লুইস ও আল হিলালের হোর্হে হেসুস। বিকল্প হিসেবে পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের নামও আলোচনায় আছে। তবে শেষ পর্যন্ত কে ব্রাজিলের নতুন কোচ হবেন, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।