আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও একধাপ এগোলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৩তম আসরে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন।

‘সাবা’ এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে যাত্রা শুরু করে। এরপর বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা ও ডালাসসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তবে রেইনড্যান্স উৎসবে এবার প্রতিযোগিতার মঞ্চে সরাসরি অংশ নিচ্ছেন মেহজাবীন, এটাই তার কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

মনোনয়ন প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন, ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা তো কেবল শুরু। বাংলাদেশ যেমন এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে, অচিরেই আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে।

রেইনড্যান্স উৎসবের অফিসিয়াল তথ্যমতে, ‘সাবা’ প্রদর্শিত হবে ‘ন্যারেটিভ ফিচার’ বিভাগে। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মাকসুদ হোসাইন। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রথম সিনেমাতেই রেইনড্যান্সে মনোনয়ন এবং ডিসকভারি অ্যাওয়ার্ড বিভাগে জায়গা করে নিয়েছেন তিনি। মেহজাবীন কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক মাকসুদ হোসাইনের প্রতি।

উল্লেখ্য, ‘সাবা’ সিনেমাটি এখনো বাংলাদেশে মুক্তি পায়নি। তবে আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়ানো সিনেমাটি নিয়ে দেশীয় দর্শকদের আগ্রহ তুঙ্গে।

All Categories