আনচেলত্তির প্রথম জয়, ভিনিসিয়ুসের গোলে ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত
সেলেসাওদের ডাগআউটে কার্লো আনচেলত্তির যাত্রা শুরু হয়েছিল এক গোলশূন্য ড্র দিয়ে। তবে জয় পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইতালিয়ান এই কোচকে।
বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বের দুটি ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।
সাও পাওলোর নিও কুইমিকা অ্যারেনায় ম্যাচের একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ের এক মিনিট আগে, বক্সের ডান প্রান্ত থেকে রাফিনিয়ার ছোট পাসে বল পেয়ে দারুণ ক্ষিপ্রতায় সেটি নিয়ন্ত্রণে নেন কুনিয়া। এরপর ক্রসে ভিনিসিয়ুসের টোকা—জাল কাঁপিয়ে এগিয়ে দেয় ব্রাজিলকে।
ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে বলের দখল আর রক্ষণে ভালো করলেও আক্রমণে ধারহীন ছিল ব্রাজিল। তবে আজ প্যারাগুয়ের বিপক্ষে সেই ছবিটা বদলেছে অনেকটাই। ম্যাচজুড়ে ৭৩ শতাংশ বলের দখল ছিল আনচেলত্তির শিষ্যদের। ভিনিসিয়ুস-রাফিনিয়ারা মিলে শট নিয়েছেন ১১টি, যার চারটি ছিল লক্ষ্যে। আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করেছিল দলটি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। তবে এক গোলের ব্যবধানই জয় নিশ্চিত করতে যথেষ্ট হয়েছে।
এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ঠিক পরেই প্যারাগুয়ে। কনমেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ছয়টি দল। সাত নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৮। ফলে পরের দুটি ম্যাচে হেরেও সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে ব্রাজিলের।
বিশ্বকাপে জায়গা করে নেওয়ার স্বস্তি যেমন মিলেছে, তেমনি আনচেলত্তির অধীনে নতুন যুগ শুরু করার আত্মবিশ্বাসও পেয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।