আমি বিদেশি হলে তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে হয়

অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, কেবলমাত্র যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন বলে তাঁকে ‘বিদেশি নাগরিক’ বলা উচিত নয়। একই যুক্তিতে বিএনপির নেতা তারেক রহমানকেও ‘বিদেশি’ বলতে হবে, কারণ তিনিও বিদেশে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন।

বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

খলিলুর রহমান বলেন, আমার একটাই নাগরিকত্ব—বাংলাদেশের। যুক্তরাষ্ট্রে আমার কোনও পাসপোর্ট নেই, অন্য কোনও দেশের নাগরিকত্বও নেই। শুধুমাত্র বিদেশে থেকেছি বলে আমাকে বিদেশি নাগরিক বলা হলে, তাহলে তারেক রহমানকেও সেটা বলতে হবে।

তিনি আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করব, বুঝেশুনে কথা বলবেন। আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন, সেটা কিন্তু অন্য কারও ওপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না—প্লিজ।

আদালতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পারলে প্রমাণ করুন। আদালতে গিয়ে দেখান আমি বিদেশি নাগরিক। আমার তো একটা অধিকার আছে একজন বাংলাদেশি হিসেবে। সেই অধিকারকে যদি সম্মান না দেন, সেটা অত্যন্ত দুঃখজনক।

সম্প্রতি খুলনায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সরকারপ্রধানের উদ্দেশে বলেছেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন।

সালাহউদ্দিন আহমদ ব‌লে‌ছি‌লেন, এ দেশের নিরাপত্তাসংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না।

All Categories