আমাদের মূল সমস্যা মিথ্যা তথ্য ও ভুয়া খবর: ড. ইউনূস
গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নৈতিক মানদণ্ড বজায় রাখতে জাতিসংঘকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রধান সমস্যা এখন মিথ্যা তথ্য ও ভুয়া খবর। অনেক সময় এটি অব্যাহত বোমাবর্ষণের মতো হয়ে দাঁড়ায়। এর পেছনে যেমন প্রবাসে বসবাসকারী কিছু ব্যক্তি রয়েছেন, তেমনি স্থানীয় পর্যায়েও কেউ কেউ এতে জড়িত।
তিনি আরও বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, অনেক সময় প্রচলিত গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্যের উৎস হয়ে ওঠে। জাতিসংঘ কেবল সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও সরাসরি যোগাযোগ করুক।
বিধিসম্মত স্বাধীনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের মনে করিয়ে দেওয়া উচিত, তারা আর বিশ্বাসযোগ্য নয়।
সাক্ষাতে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশিতব্য একটি প্রতিবেদনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণব্যবস্থা, নীতিমালার চর্চা এবং সাংবাদিকদের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুপারিশ থাকবে। এই সুপারিশ বাস্তবায়নে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে।
ইউনেস্কোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ জানান, প্রতিবেদনে নারী সাংবাদিকদের সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশ নিয়ে বৈশ্বিক উদ্বেগের প্রেক্ষাপটে কিছু প্রস্তাবও থাকবে। এসব ক্ষেত্রে সরকারের ইতিবাচক পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে।
ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথভাবে প্রণীত ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি মূল্যায়ন: স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে’ শীর্ষক প্রতিবেদনটি আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।