আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

সেখানে বলা হয়েছে, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।’

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সোর্স: ইউএনবি

All Categories