আইপিএলে রোবট কুকুরের জন্য মামলা খেল বিসিসিআই

চলতি আইপিএলে নজর কেড়েছে একটি অভিনব রোবটিক ক্যামেরা, নাম ‘চম্পক’। কুকুরের মতো দেখতে এই রোবট ক্যামেরাটি শুধু প্রযুক্তির প্রয়োগেই নয়, দর্শক এবং ক্রিকেটারদের সঙ্গেও তার রসিকতায় তৈরি করেছে আলাদা আকর্ষণ। তবে এবার সেই 'চম্পক' নাম নিয়েই বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

‘চম্পক’ নাম ব্যবহারের কারণে মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগে বিসিসিআইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে দিল্লি প্রেস গ্রুপ। ১৯৬৯ সাল থেকে শিশুদের জন্য ‘চম্পক’ নামের একটি জনপ্রিয় পাক্ষিক পত্রিকা প্রকাশ করে আসছে প্রকাশনীটি। তারা বলছে, রোবটিক কুকুরের সঙ্গে পত্রিকার নাম মেলানোয় পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

দিল্লি প্রেস গ্রুপের আইনজীবী অমিত গুপ্ত বলেন, চম্পক আমাদের নিবন্ধিত ট্রেডমার্ক। বিসিসিআই আমাদের অনুমতি না নিয়েই বাণিজ্যিক উদ্দেশ্যে এটি ব্যবহার করছে। এতে পত্রিকার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোবটটির নাম দেওয়া হয়েছে অনলাইনে ক্রিকেটপ্রেমীদের ভোটাভুটির মাধ্যমে। আইপিএলের সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান ডব্লিউটিভিশন ও ওমনিক্যাম এই রোবটটি তৈরি করেছে।

মামলার প্রাথমিক শুনানিতে বিচারপতি সৌরভ ব্যানার্জি বলেন, এখানে কোথায় বাণিজ্যিক উপাদান আছে? বিসিসিআই এটি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করছে না। নামটি এসেছে ভোটাভুটির মাধ্যমে, এটি তাদের নিজস্ব পছন্দ নয়। তিনি আরও বলেন, এ মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সঠিক হবে না।

বিসিসিআইয়ের জ্যেষ্ঠ আইনজীবী জে সাই দীপক বলেন, এই নামের সঙ্গে ম্যাগাজিনের কোনো সম্পর্ক নেই। বরং জনপ্রিয় কমেডি সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’র একটি চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে সমর্থকেরা এই নাম প্রস্তাব করেছেন।

All Categories