আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-৩ আসনের দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে। এছাড়া ছেলে ও মেয়ে ভোটারদের জন্য পৃথক বুথের ব্যবস্থা থাকবে। নারী ও পুরুষ ভোটারদের জন্যও আলাদা বুথ থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে বডি ক্যামেরা থাকবে, যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনও রকম চাঁদাবাজিকে আমরা প্রশ্রয় দেব না। ইতোমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, তা যে দলেরই হোক।

এর আগে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর সদর দফতর ও কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। সেখানে বন্দিদের খাবার, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে কেরাণীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।

All Categories