আবারও ৪ দিনের রিমান্ডে মমতাজ

আবারও ৪ দিনের রিমান্ডে মমতাজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চার হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এর আগে সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে পুলিশি প্রহরায় মমতাজকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা।

হাজিরা শেষে আদালত চত্বর ছাড়ার সময় মমতাজকে বহনকারী প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম ছোড়েন ক্ষুব্ধ জনতা। বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মমতাজ বেগমকে আজ আদালতে তোলা হয়। বিচারক ওই মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন। 

এর আগে গত বৃহস্পতিবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর চার হত্যা মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিনে হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালের হরতালের দিন সিংগাইরের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক দশক পর, চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

গত ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

All Categories