আ. লীগকে নিষিদ্ধ করিনি, নির্বাচনে অংশ নেওয়া ইসির সিদ্ধান্ত: ইউনূস
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসি ইংরেজিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শনিবার (২১ জুন) সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশ করেছে বিবিসি বাংলা।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। তারা নির্বাচনে অংশ নেবে কি না, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। এটা পুরোপুরি তাদের এখতিয়ার।
সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার দল নির্বাচনে না এলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে? জবাবে ইউনূস বলেন, ‘জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর ঢাকায় খুব পরিষ্কারভাবে বলেছেন—অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেটিই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।
জনগণের মতামতের বিষয়টি উল্লেখ করে ইউনূস বলেন, আওয়ামী লীগকে জনগণ চায় কিনা, তা আগে দেখা উচিত। মানুষ যদি ভোট দিতে চায়, তাদের সেই স্বাধীনতা থাকা জরুরি।
সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, ‘বিচার শুরু হয়ে গেছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই তিনি আইনিভাবে বিচারের মুখোমুখি হোন। ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করব। যেভাবে অন্য অভিযুক্তদের ফিরিয়ে আনা হয়, সেভাবেই হবে। তাকে জোর করে আনার কোনো ক্ষমতা আমাদের নেই।