৯ ঘণ্টা পর পুলিশি পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার দিনভর চলা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে আটকে ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অবশেষে সন্ধ্যায় পুলিশের পাহারায় কলেজ ত্যাগ করেন তাঁরা।
জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে একাডেমিক ভবন ৭-এর দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন তাঁরা। বিকেলে একবার বের হলেও দিয়াবাড়ি মোড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন। পরে কলেজ চত্বরেই অবস্থান নেন উপদেষ্টারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাসে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের। দুই একাডেমিক ভবনের চারপাশে কঠোর নজরদারিতে রাখা হয় পুরো এলাকা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে গেলে নিচে নেমে আসেন উপদেষ্টা ও প্রেস উইংয়ের সদস্যরা। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে তাঁদের বহর কলেজের প্রধান ফটক অতিক্রম করে দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর দিক দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক ওই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। নিহতদের অধিকাংশই ছিলেন স্কুলের কোমলমতি শিক্ষার্থী।
উদ্ধার তৎপরতার সময় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনা ঘিরেই মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল উত্তরার এই বিদ্যাপীঠের প্রাঙ্গণ।
বিক্ষোভরত শিক্ষার্থীরা নিহত সহপাঠীদের জন্য সুবিচার, দায়ীদের শাস্তি এবং কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের জবাবদিহি দাবি করছে।