৭ মাস নারীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন নোবেল, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার: পুলিশ
ইডেন কলেজের এক ছাত্রীকে সাত মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ডেমরা থানার একটি বাসা থেকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে নোবেলকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।
ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে ছাত্রীটিকে ডেকে নেন নোবেল। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার একটি বাসায় নিয়ে যান এবং সাত মাস ধরে সেখানে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। এ সময় নোবেল নির্যাতনের কিছু ভিডিও নিজের মুঠোফোনে ধারণ করেন এবং তা দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করতেন।
সম্প্রতি নোবেলকে নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নিচে নামাচ্ছেন। এই ভিডিওতেই দেখা যাওয়া নারীই ভুক্তভোগী ছাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ। ভিডিওটি দেখে ছাত্রীটির পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় আসে এবং বিস্তারিত জেনে ‘৯৯৯’-এ ফোন দেয়। এর পরই পুলিশ অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযান টের পেয়ে নোবেল পালিয়ে যান। পরে প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওসি মাহমুদুর রহমান আরও জানান, নোবেল সীমান্ত দিয়ে দেশত্যাগের চেষ্টা করছিলেন। এর জন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন, তবে পালানোর আগেই তাঁকে ধরা হয়।
নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দুটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।