৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তায় সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তারা সাতরাস্তাসহ আশপাশের শিল্পাঞ্চল এলাকায় অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলছেন, একই দাবিতে তারা আগেও একাধিকবার আন্দোলন করেছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তাই এবার তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। শিক্ষার্থীদের ভাষ্য, “আমাদের দাবি নিয়ে আলোচনা করতে চাইলে সংশ্লিষ্টদের এখানে আসতে হবে, আমরা সচিবালয়ে যাব না।”

অবরোধে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পলিটেকনিক শিক্ষার্থীরা অংশ নেন। আন্দোলনকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এতে তেজগাঁও, সাতরাস্তা, মগবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যার প্রভাব মহাখালী পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, “সড়কের অবস্থা খারাপ। শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে রেখেছে। যান চলাচল বন্ধ। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে, তবে শিক্ষার্থীরা না উঠলে তা সম্ভব নয়।”

তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, “শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন করছে। আমরা তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে সচিবালয়ে গিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা রাজি হয়নি।”

শিক্ষার্থীদের অবরোধে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাস, প্রাইভেট কার, রিকশাসহ সব ধরনের যান চলাচল স্থবির হয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

All Categories