৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাত্র ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা খরচ করলেই দর্শকরা গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন এই টেস্ট ম্যাচ।
বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ এপ্রিল সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে সিলেটের মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখা থেকে। পরদিন ১৯ এপ্রিল থেকে টিকিট পাওয়া যাবে সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।
টিকিটের মূল্য তালিকা:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা,ক্লাব হাউস: ২৫০ টাকা,শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা,গ্রিন হিল এরিয়া: ৫০ টাকা ,ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট): ৫০ টাকা ,ইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট): ১৫০ টাকা ,শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি): ৫০ টাকা
সিরিজ খেলতে ১৫ এপ্রিল ঢাকায় পা রাখে জিম্বাবুয়ে দল, পরদিন সিলেটে রওনা দেয় তারা। অন্যদিকে, টাইগাররা ১৩ এপ্রিল থেকেই সিলেটে ক্যাম্প শুরু করে। শুরুর দিকে ৮ জন ক্রিকেটার ক্যাম্পে থাকলেও পরে বাকিরাও যোগ দেন।
সিলেট টেস্ট শেষ হওয়ার পর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
সবশেষ ২০২১ সালে টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। হারারেতে অনুষ্ঠিত সেই একমাত্র টেস্টে ২২০ রানে জয় পায় বাংলাদেশ। দুই দলের টেস্ট পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশই মোট ১৮ ম্যাচের মধ্যে তারা জিতেছে ৮টি, আর জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। সর্বশেষ জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়েছিল ২০১৮ সালে।