৫ বা ৮ আগস্ট নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একাধিক সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো বলছে, ভাষণের দিন-তারিখ ও সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে ৫ আগস্টকেই সবচেয়ে সম্ভাব্য দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জনসমক্ষে উপস্থাপন করার কথাও জানিয়েছে সরকার।
৫ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। অন্যদিকে, ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠনের তারিখটিকে অতটা গুরুত্ব দিতে আগ্রহী নন। সে কারণে ৫ আগস্টেই ভাষণ দেওয়ার সম্ভাবনাই বেশি।
ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানিয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এর আগে গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস বলেন, “নির্বাচনের নির্দিষ্ট সময় শিগগিরই জানানো হবে। ওই বৈঠক শেষে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করবেন।
প্রধান উপদেষ্টা এর আগেও নির্বাচনের সময় নিয়ে বিভিন্ন ইঙ্গিত দিয়েছেন। গত ৯ জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করতে হবে। নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে।
এর আগে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই হতে পারে। অর্থাৎ, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।