৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে।

সম্প্রতি রাজধানীতে বিশেষ অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের অভিযান নয়, এটা ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ)। ডিএমপিকে জিজ্ঞাসা করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। যেমন ধরুন, নিজের জন্য আপনি আমাকে ধরেছেন—প্রয়োজন ছিল বলেই ধরেছেন।

বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বাড়া ও কিছু দেশের অন-অ্যারাইভাল ভিসা বাতিলের বিষয়ে তিনি বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের নাগরিকদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের দেওয়া হচ্ছে না।

মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশে এসেছে। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তবে এ বিষয়ে মূল আলোচনা হবে পুলিশ হেডকোয়ার্টারে। প্রতিটি দেশের সঙ্গে আমাদের বিভিন্ন চুক্তি রয়েছে, পুলিশ সদস্যরাই সে বিষয়ে আলোচনা করবে।

All Categories