৪৪তম বিসিএসে শূন্য পদে ১,৬৯০ জনকে সুপারিশ
চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে ১ হাজার ৬৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। বাকি ২০টি পদে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় সেগুলো খালি রেখেছে কমিশন।
সোমবার (৩০ জুন) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদের বিপরীতে যোগ্য প্রার্থী না থাকায় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। মনোনয়নপ্রাপ্তদের তালিকা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) পাওয়া যাচ্ছে।
পিএসসি জানিয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সবাইকে ক্যাডারে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। যাঁরা মনোনয়ন পাননি, তাঁদের মেধাক্রম ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নন–ক্যাডার শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। তবে সে ক্ষেত্রে সরকারি দপ্তর থেকে চাহিদা পাওয়া সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া এগোবে।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মোট ১ হাজার ৭১০টি পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফল প্রকাশে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর।
২০২৪ সালের এপ্রিল থেকে মৌখিক পরীক্ষা শুরু হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষা দুই দফা স্থগিত হয়। সরকার পরিবর্তনের পর প্রার্থীদের আবেদনের ভিত্তিতে আগের মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেয় কমিশন। সেই পরীক্ষা শেষে সোমবার রাতে প্রকাশ করা হয় চূড়ান্ত ফল।
পিএসসি আগেই জানায়, ৩০ জুনের মধ্যে ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ এবং ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যেই ৪৪তম বিসিএসের ফল প্রকাশ করে সে প্রতিশ্রুতি পূরণ করল কমিশন।