৪০ বছর বয়সে নতুন ইতিহাস রোনালদোর
পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বয়সের কোনো বাধা মানেন না।৪০ বছর বয়সেও গোলের পর গোল করে নতুন রেকর্ডে নাম লিখিয়ে চলেছেন এই ফুটবল মহাতারকা। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এসতেগলালকে ৩-০ গোলে হারিয়ে রোনালদো পৌঁছেছেন তার ক্যারিয়ারের ৯২৭তম গোলের মাইলফলকে।
এই গোলের মাধ্যমে রোনালদো একটি চমকপ্রদ পরিসংখ্যানের মুখোমুখি হয়েছেন—৩০ বছর বয়সের পর তার গোলসংখ্যা এখন ৪৬৪, যা তার ৩০-এর আগে করা ৪৬৩ গোলকেও ছাড়িয়ে গেছে। স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদে ৩০ বছরের আগে তিনি ৪৬৩ গোল করেছিলেন, অথচ ৩০ পেরোনোর পর রিয়াল, জুভেন্টাস, ইউনাইটেড এবং আল-নাসরে খেলে করেছেন ৪৬৪ গোল। এমন ধারাবাহিকতা ফুটবল ইতিহাসে বিরল।
এছাড়া ৩০ বছর বয়সের পর রোনালদো জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগের তিনটি ছয়টি লিগ শিরোপার তিনটি এবং পাঁচটি ব্যালন ডি'অরের মধ্যে দুটি। ২০১৬ সালে তার ৩১ বছর বয়সে ইউরো জয়ও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকে ১০২ ম্যাচে ৯১ গোল করেছেন রোনালদো। ৪০ বছর বয়সেও এমন অসাধারণ পারফরম্যান্স বিশ্ব ফুটবলে দুর্লভ।
এদিকে, শুক্রবার (১৫ মার্চ) সৌদি প্রো লিগে আল-নাসর তাদের পরবর্তী ম্যাচে আল-খলুদের বিপক্ষে খেলবে। এ ম্যাচেও কি রোনালদো নতুন কোনো রেকর্ড গড়বেন, এর উত্তর সময়ই জানাবে তার বর্তমান পারফরম্যান্স দেখে ফুটবল বিশ্বের প্রত্যাশা অন্তত হ্রাস পাচ্ছে না।