৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জেলে যাওয়া সেই রিকশাচালকের জামিন
অবশেষে জামিন পেয়েছেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া রিকশাচালক আজিজুর রহমান।
রোববার (১৭ আগস্ট) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
এর আগে শুক্রবার আজিজুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে গণপিটুনির শিকার হন। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।