৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ
চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর (বাংলাদেশ রাইফেলস) সদস্যদের পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত সাবেক সদস্যরা। এতে ওই এলাকায় দুপুর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও তা ভেঙে অবস্থান নেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত বিডিআর সদস্যদের দাবি, ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিকে কেন্দ্র করে সারাদেশে বিডিআর সদস্যদের বিরুদ্ধে যেভাবে গণহারে সামারি কোর্ট ও বিশেষ আদালতের মাধ্যমে চাকরিচ্যুতি ও দণ্ডাদেশ দেওয়া হয়েছে, তা ছিল পক্ষপাতদুষ্ট এবং অনৈতিক। তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন।
তাদের উত্থাপিত তিনটি মূল দাবি হলো:
১. চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ:
সারাদেশের বিডিআর ইউনিটে বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত এবং ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচসহ) সব সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
২. স্বাধীন তদন্ত কমিশন গঠন ও নিরপরাধদের মুক্তি:
পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে গঠিত শর্তযুক্ত কমিশনকে পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধির ২ (ঙ) ধারা বাতিল করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে সাজাপ্রাপ্ত নিরপরাধ সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
৩. পুনর্বাসন ও বিডিআর নাম পুনঃস্থাপন:
ঘটনার পর ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে এবং বিডিআরের নাম পুনঃস্থাপন করতে হবে—যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবময় ইতিহাস ধারণ করে।