২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক হবে ৬ লেন
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি জানান, ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ কাজ সম্পন্ন হবে।
মন্ত্রী বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কটি খুব গুরুত্বপূর্ণ। ছয় লেন প্রকল্পটি অনেক আগে শুরু হয়েছে, কিন্তু সাড়ে চার বছর পরেও অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত ছয় মাসে ভূমি অধিগ্রহণ প্রায় ৫৬ শতাংশ সম্পন্ন হয়েছে। আশা করছি, দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ শেষ হবে। ভৌত কাজের অগ্রগতি প্রায় ২৭ শতাংশ।’
তিনি আরও বলেন, ‘প্রকল্পের কাজের বিচ্যুতি কাটিয়ে উঠতে আমরা চেষ্টা করছি। সড়কের ১৩টি প্যাকেজের মধ্যে পাঁচটির অগ্রগতি সন্তোষজনক নয়, কিন্তু বাকি আটটির কাজ সন্তোষজনক। ভৌত কাজের অগ্রগতি বাড়ানোর জন্য আমরা কাজ করছি। ২০২৯ সালের জুনের মধ্যে দরপত্র অনুযায়ী নির্মাণকাজ শেষ করে মহাসড়কটি জনগণের জন্য উন্মুক্ত করতে চাই।’