১১ বছর পর আবারও ফাইনালে বার্সা-রিয়াল

শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয়েছিল ২০১৩–১৪ মৌসুমের কোপা দেল রে'র ফাইনালে। সেই ম্যাচে বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল রিয়াল মাদ্রিদ। এরপর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়নি স্পেনের দুই ফুটবল জায়ান্ট। অবশেষে ১১ বছর পর আবারও কোপা দেল রে'র ফাইনালে ফিরল ‘এল ক্লাসিকো’ উত্তাপ।

বাংলাদেশ সময় আজ রাত ২টায় সেভিয়ার এস্তাদিও লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বার্সা জিতেছে পাঁচবার, রিয়াল মাত্র একবার। কিন্তু প্রতিবারই অন্য দলের বিপক্ষে। এবার ইতিহাস বদলে আবারও ফাইনালে মুখোমুখি স্প্যানিশ দুই পরাশক্তি।

সাম্প্রতিক পারফরম্যান্সে বার্সার চেয়ে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা, লা লিগাতেও এগিয়ে কাতালান ক্লাবটি। হ্যান্সি ফ্লিকের অধীনে একের পর এক জয় তুলে নিচ্ছে দলটি। রিয়ালের শিবিরে ইনজুরির হানা সমস্যায় ফেলেছে কার্লো আনচেলত্তিকে। গেটাফের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। ফলে ফাইনালে মাঠে নামা হচ্ছে না তাঁদের। আর অফফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের দিকেও সন্দেহের চোখে তাকাচ্ছেন সমর্থকেরা।

অন্যদিকে বার্সেলোনা শিবিরেও ইনজুরি সমস্যা রয়েছে। লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানদোভস্কি খেলতে পারছেন না। তবে বার্সার জন্য বড় স্বস্তি হলো, লেভানদোভস্কিকে ছাড়া এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে তারা, আর সব ম্যাচেই পেয়েছে জয়। তাতে দলের আক্রমণভাগে বড় আঘাত না লাগার আশাই করছেন বার্সা সমর্থকেরা। তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান টরেস সুযোগ পেলে কাজে লাগিয়ে চলেছেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫–২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এর আগে অক্টোবরে লা লিগায় ৪–০ গোলে জিতেছিল ফ্লিকের দল।

এ ম্যাচ হবে দুই দলের ২৬০তম প্রতিযোগিতামূলক লড়াই। আর জয় পেলে শুধু শিরোপাই নয়, ইতিহাস গড়ার পথেও এগিয়ে যাবে বার্সা। আজ রিয়ালকে হারাতে পারলে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের দৌড়ে থাকবে বার্সেলোনা। এর আগে ২০০৮–০৯ এবং ২০১৪–১৫ মৌসুমে ট্রেবল জিতেছিল কাতালান ক্লাবটি।

All Categories