১০২ এসিল্যান্ড প্রত্যাহার
দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালনরত প্রশাসন ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
আজ বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক আটটি প্রজ্ঞাপন জারি করে। প্রত্যাহার করা কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করার একটি প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত প্রশাসনিক রোটেশন ও অভ্যন্তরীণ কাঠামোগত সমন্বয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।